১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পরিচালকদের মধ্যে তিনজন সরে দাঁড়ানোর পর এ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 05:57 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আগের দিন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পরিচালকদের মধ্যে তিনজন পদত্যাগ করেন।

পর্ষদের এই টানাপড়েনের মধ্যে মঙ্গলবার প্রশাসক নিয়োগ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রশাসক বসানোর তথ্য জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখাপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসক এখন উত্তরা ফাইন্যান্সের দেখভাল করবেন। এরপর সময়োপযোগী পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক।”

গত ফেব্রুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে নতুন ব্যক্তিদের নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে বেসরকারি এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান করা হয়।

এছাড়া স্বতন্ত্র পরিচালক করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নিয়ামুল কবির ও রফিকুল ইসলামকে।

এই তিনজনের সঙ্গে সোমবার পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল্লাহ।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব পাওয়া স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম ও উত্তরা গ্রুপের প্রধান অর্থকর্মতাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া মাহবুব আলম রয়ে যান পরিচালক পর্ষদে।

আর্থিক অনিয়মের নানা অভিযোগ নিয়ে চলা কোম্পানিটি এখনো ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করতে পারেনি।

এখন উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। উচ্চ আদালত থেকে নেওয়া আগের মেয়াদ শেষ হলে নতুন করে বার্ষিক সাধারণ সভা (ইজিএম) করার অনুমতি নেবে কোম্পানিটি। 

গত ১৩ জুলাই দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ ঘোষণা দেয় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস।

উচ্চ আদালত থেকে অনুমতি পাওয়া গেলে বিনিয়োগকারীদের জানাবে কোম্পানিটি।