১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনলাইনে ঋণের ‘প্রলোভন’, সতর্ক করল বিশ্ব ব্যাংক

“বিশ্ব ব্যাংক সরাসরি কাউকে ঋণ দেয় না,” বলা হয় সংস্থাটির ফেইসবুকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বিশ্ব ব্যাংকের নাম ও ভুয়া লোগো ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে জানিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংস্থাটি। 

বিশ্ব ব্যাংক বলেছে, ব্যক্তি পর্যায়ে তারা কোনো ধরনের ঋণ বিতরণ করে না। 

ফেইসবুক পেইজে আন্তর্জাতিক সংস্থাটি লিখেছে, ‘‘বিশ্ব ব্যাংক সবাইকে অনলাইনে প্রতারণামূলক স্কিম বা বিনিয়োগ কার্যক্রমের ব্যাপারে সতর্ক করছে।

“প্রতারক বিশ্ব ব্যাংকের নাম ও লোগো অপব্যবহার করে ফির বিনিময়ে ব্যক্তিদের ঋণ দেওয়ার প্রলোভন দেখায়।”

বেকারত্ব দূর, কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র বিমোচন, প্রসূতি ও নবজাতক মৃত্যুহার কমিয়ে আনাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন করে থাকে বিশ্ব ব্যাংক।

মূলত রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে এসব অর্থায়ন করে থাকে সংস্থাটি। 

সেই নীতির কথা পুর্ণব্যক্ত করে তারা লিখেছে, “বিশ্ব ব্যাংক সরাসরি কাউকে ঋণ দেয় না।”

এর আগে গত বছরের মে মাসে সংস্থাটি এমন বার্তা দিয়েছিল বাংলাদেশি নাগরিকদের।