খেলাপি ঋণ আদায়ে জনকণ্ঠ ভবন নিলামে
খেলাপি ঋণের ২০৫ কোটি ৪২ লাখ টাকা আদায়ে নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে জনতা ব্যাংক।
সংবাদপত্র জনকণ্ঠ ও এর পরিচালনা প্রতিষ্ঠান গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
খেলাপি ঋণের ২০৫ কোটি ৪২ লাখ টাকা আদায়ে রাজধানীর নিউ ইস্কাটন রোডে ১৫ তলা জনকণ্ঠ ভবন নিলামের বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি।
জনতা ব্যাংকের দিলকুশা শাখা গত ৩০ এপ্রিল বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মে মাসের ২৪ তারিখের মধ্যে আদালতে রাখা দরপত্র বাক্সে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে দরপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামের সময় সংরক্ষিত মূল্য ঘোষণা করা হবে এবং আদালতের নিয়ম মেনে দর উঠবে। তবে সম্পদ বিক্রির পর কোনো ধরনের বিরোধ দেখা দিলে ব্যাংক বা আদালত এর দায়ভার নেবে না।
গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করেছে। গত রোজার ঈদের ছুটির সময়ে জনকণ্ঠ তাদের ছাপা কাগজ ও অনলাইন কার্যক্রম বন্ধ করে দেয়।
এরপর দফায় দফায় ছুটির মেয়াদ বাড়ানো হলেও এখনো প্রকাশনায় ফেরেনি পত্রিকাটি।
