দিয়াবাড়ি হাটের দর উঠেছে ১৪ কোটি টাকা, সাত হাটে পুনঃদরপত্র
কাঙ্ক্ষিত দর না পাওয়ায় দুই সিটির সাতটি হাটের জন্য নতুন করে দরপত্র ডাকা হয়েছে।
এবারের কোরবানির ঈদে রাজধানীতে নির্ধারিত ২৭টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ২০টির ইজারা সম্পন্ন করেছে দুই সিটি করপোরেশন; এর মধ্যে সর্বোচ্চ দর উঠেছে দিয়াবাড়ির বউবাজার হাটের।
এই ২৭টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় বসছে ১৬টি হাট; আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি।
দক্ষিণ সিটির ১১টি হাটের মধ্যে ১০টির ইজারা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন। এর মধ্যে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ির পানির পাম্প পর্যন্ত বিস্তৃত হাটের জন্য সর্বোচ্চ ৪ কোটি ৩৫ লাখ টাকা দর উঠেছে।
আর উত্তর সিটির ১৬টি হাটের মধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। এর মধ্যে উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকার পশুর হাটের জন্য সর্বোচ্চ ১৪ কোটি ১৫ লাখ টাকা দর পাওয়া গেছে।
দুই সিটির বাকি সাতটি হাটের কোনোটিতে কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি, আবার কোনোটিতে কেউ দরপত্র দাখিল করেনি। ফলে এসব হাটের ইজারা দিতে নতুন করে দরপত্র ডেকেছে ডিএনসিসি ও ডিএসসিসি।
অস্থায়ী হাটগুলোর পাশাপাশি ঢাকা উত্তরে স্থায়ী হাট ‘গাবতলী পশুর হাট’ ও ঢাকা দক্ষিণে ‘সারুলিয়া স্থায়ী পশুর হাট’ রয়েছে। এ দুটি হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে।
আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের দিনসহ মোট পাঁচ দিন কোরবানির পশু বেচাকেনা হবে এসব হাটে।
এই হাটগুলোতে ইতোমধ্যে কোথাও বাঁশের খুঁটি পুঁতে তৈরি হচ্ছে অস্থায়ী ঘের, কোথাও টাঙানো হচ্ছে বিশাল শামিয়ানা। একের পর এক ট্রাকভর্তি গরু এসে নামছে হাটে। জায়গা দখল আর পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন বেপারিরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, "যত্রতত্র পশুর হাট বসতে দেওয়া হবে না। নিয়মের বাইরে কাউকে হাটের ইজারা দেওয়া হয়নি। ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের মাঠ, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এবং শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে।
এছাড়া শিকদার মেডিকেল–সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্পসংলগ্ন রাস্তার অব্যবহৃত অংশ, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত খালি জায়গা, বনশ্রী হাউজিংয়ের মোস্তমাঝি মোড়সংলগ্ন এলাকা, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশ এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশেও কোরবানির পশুর হাট বসবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার যে ১০টি হাটের ইজার সম্পন্ন হয়েছে, সেগুলো হল– মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং সংলগ্ন খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠ সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়ার ইকরা মাদরাসার পাশের খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচপকুড়া বাজার সংলগ্ন রহমান নগর আবাসিক এলাকা, খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, বনরুপা আবাসিক প্রকল্প এলাকা, বাড্ডার স্বদেশ প্রপার্টিজের খালি জায়গা,বড় বেরাইদে বসুন্ধরা গ্রুপের খালি জায়গায় পশুর হাট।
