১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাঁচা মরিচের কেজি ৩৬০ টাকা, আমদানির অনুমতি

কাঁচা মরিচ আমদানির ওপর কর কমানোরও তথ্য দিয়েছেন কৃষিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 06:23 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

রান্নার নিত্য প্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচের কেজি রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৬০ টাকায়। অথচ গত সপ্তাহেও একই মানের কাঁচা মরিচ বিভিন্ন বাজারে ২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। 

দাম বৃদ্ধি কারণ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়াকে দায়ি করছেন বিক্রেতারা। 

এমন পরিস্থিতিতে কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তার আশা, আমদানি শুরু হলে আগামী ২ থেকে ৫ দিনের মধ্যেই দাম ‘সহনীয় পর্যায়ে’ চলে আসবে।

নিত্য পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

নিত্য পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার সরেজমিনে ঘুরে রাজধানীর কারওয়ান বাজার, রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজার ঘুরে কাঁচা মরিচ ৩২০ টাকা থেকে ৩৬০ টাকা বিক্রি হতে দেখা গেছে। দুই কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে মত রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেটের পাইকারী ব্যবসায়ী ছালাম এন্টারপ্রাইজের স্বাত্ত্বাধিকারী আব্দুস ছালামের।  

তার দাবি, বর্ষার কারণে মরিচ গাছ পঁচে গেছে। আড়তে খুব কম মরিচ পাওয়া যাচ্ছে। ফলে আড়তেই বেশি দামে কিনতে হচ্ছে। রোববারও তিনি আড়ত থেকে ২৪০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছেন। 

“আরেক বিষয় হল আমাদানি নাই। ভারত থেকে আমদানি হলে এত দাম বাড়ত না।”

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন।

এ সময় তারা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজ খবর নেন।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, “কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচামরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।”

বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, “ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।”

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় (খাদ্য ও কৃষি) পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। পরে সেখান থেকে তারা সরেজমিন শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে বাজারে নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকবে এবং সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টদের আশার কথা বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।