Published : 18 Dec 2025, 01:55 PM
দেশের টেলিকম খাতের বহুল প্রত্যাশিত ৭০০ মেগাহার্জ স্পেক্ট্রাম নিলামের তারিখ ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
তরঙ্গ নিলাম নিয়ে কোনো শঙ্কা না দেখলেও নির্বচনের ডামাডোলের মধ্যে এ নিলাম করার ‘উপযুক্ত সময় নয়’ বলে মনে করছেন রবির সিইও জিয়াদ সাতারা।
দেশের দ্বিতীয় বৃহৎ টেলিকম অপারেটর রবির দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রবি সিইও বলেন, "জানুয়ারিতে অকশন। রবি মনে করে, নির্বাচনের আগে স্পেক্ট্রাম অকশন হওয়া উচিত নয়।
“অকশন মানেই বিনিয়োগ। বিনিয়োগের জন্য এখন উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর অন্তর্বর্তীকালীনের পরিবর্তে একটি দীর্ঘমেয়াদি সরকার এলে এটি আরও গতি পেত।"
জিয়াদ সাতারা বলেন, "এখন একটা ট্রাঞ্জিশনাল সময় চলছে। বিনিয়োগকারীরা নির্বাচনের দিকে চেয়ে আছে। আমার মতে, এখন বিনিয়োগের উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এটাই প্রত্যাশা।"
তিনি বলেন, গ্রাহকদের ‘মানসম্মত সেবা নিশ্চিত করতে’ চলতি বছর ২০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। বিনিয়োগ সুরক্ষায় এখন তারা টেলিকম নীতিমালার ধারাবাহিকতা এবং নিশ্চিয়তা চান।
সম্পূরক প্রশ্নের জবাবে রবি আজিয়াটার কোম্পানি সচিব ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, "টেলিকম লাইসেন্স নীতিমালা পরিবর্তনের আগে ২০১৮ সালের গাইড লাইন রিভিউ করা দরকার ছিল। প্রতি বছর মোট ব্যয়ের ৩০ শতাংশ প্রযুক্তি উন্নয়নে ব্যয় করতে হয়। লাইসেন্স নীতিমালায় আরোপিত প্রতিবন্ধকতা টেলিকম ব্যবসাকে বাধাগ্রস্ত করে।
“টেলিকম নীতিমালা ও নির্দেশনা সাংঘর্ষিক। সময়ে সময়ে পরিবর্তন হওয়ার কারণে বিনিয়োগ ঝুঁকিতে পরে। সংকট সমাধানে একটি সময়োপযোগী দীর্ঘমেয়াদি নীতিমালা দরকার।”
৮৫ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ থাকা যাবে না–এমন সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন রবির কোম্পানি সচিব।