Published : 31 Jul 2025, 11:03 PM
‘বাধ্যতামূলক’ ছুটিতে থাকা সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন।
ব্যাংকটির চেয়ারম্যান এম এ কাশেম বলেন, "তিনি (এমডি নুরুদ্দি) পদত্যাগ করেছেন। এর থেকে কিছু বলতে পারছি না।"
ব্যাংকের সংশ্লিষ্টরা বলেন, তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে থাকা এমডি নুরুদ্দিন সম্প্রতি পদত্যাগ করেন। তার ছুটির সময়কাল ছিল ৪ অগাস্ট পর্যন্ত।
তিনি ছুটিতে যাওয়ার পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।
পট পরিবর্তনের পর চলতি বছর ৪ মে তিন মাসের জন্য আগের পর্ষদের নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালককে নুরুদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির নতুন পর্ষদ।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০২৩ সালের এপ্রিল থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।
চলতি মাসে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন পরিচালক আলমগীর কবির, যিনি ২০০৪ সাল থেকে এক সময় টানা ২০ বছর এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। গত এক দেড় বছরে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তার নাম আসে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
আওয়ামী লীগ সরকার পতনের পর আলমগীর কবিরের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের’ অনুসন্ধানে নেমেছে দুদক।
অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর বেশ কয়েকটি ব্যাংকের পর্ষদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে সাউথইস্টের চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হয় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম এ কাশেমকে। চেয়ারম্যানের পদ হারালেও পরিচালক পদে থেকে যান আলমগীর কবির।