Published : 25 May 2026, 12:57 AM
আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করা সেই ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হয়েছেন।
রোববার ব্যাংকটির চেয়ারম্যান এম জোবায়দুর রহমান পদত্যাগের পর পরই তাকে এ পদে বসানো হয়েছে।
কোরবানির ঈদের আগে শেষ কর্মদিবস রোববার রাতে বেসরকারি খাতের ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত জানিয়েছে। চিঠিটির অনুলিপি খুরশীদ আলমকেও পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক মো. আলা উদ্দিন স্বাক্ষরিত ‘ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ার্যমান নিয়োগ’ শীর্ষক চিঠিতে বলা হয়েছে, “ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ প্রদান করা হল।”
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দেয় সরকার।
তবে ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর খুরশীদ আলমসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।
অন্তর্বর্তী সরকারের দেড় বছরের নানা ঘটনা পেরিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার পর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আনা হল।
চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলমকে ঘিরে দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান ছাড়াও এদিন পদত্যাগ করেছেন বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।
তাদের পদত্যাগের তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যান পদত্যাগ করায় পর্ষদ সভা হয়নি। এমডিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করবে কি না পর্ষদ, তা পরবর্তী পর্ষদ সভায় জানা যাবে।"
তিনি বলেন, " নতুন চেয়ারম্যান ও পরিচালক হিসেবে খুরশিদ আলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।"
খুরশিদ আলমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল। ব্যাংকের ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খান তাদের বাধার মুখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে পারেননি। পরে তিনি বিকালে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।