Published : 04 Jul 2026, 10:05 PM
ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক আরো জোরদার করা প্রতিশ্রুতি দিয়েছে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।
শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর এক অনুষ্ঠান থেকে এ প্রতিশ্রুতি আসে বলে অ্যামচ্যামের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অ্যামচ্যাম ও মার্কিন দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠান করে। এতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক পরিবেশ 'আরও শক্তিশালী' করার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আড়াই শতাব্দীর স্বাধীনতার যাত্রা তুলে ধরা হয় এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে পুনর্ব্যক্ত করা হয়।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার বক্তব্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ায় অ্যামচ্যামের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, অ্যামচ্যাম বাংলাদেশের সহসভাপতি আলা আহমদ, মার্কিন দূতাবাসের বাণিজ্যবিষয়ক কাউন্সেলর পল ফ্রস্ট ও অ্যামচ্যামের কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদ উপস্থিত ছিলেন।