১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুলের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শূন্য শুল্ক, অন্যদের জন্য ২০%

মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে শুল্কছাড়ের এমন সিদ্ধান্ত হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরো শুল্ক তুলে নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বাস আমদানিতে।

সরকারের এ সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি বা বাস আমদানি করলে, সে ক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। তবে অন্য কেউ বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে শুল্ক দিতে হবে ২০ শতাংশ।

মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে শুল্কছাড়ের এমন সিদ্ধান্ত হওয়ার কথা বুধবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বলেন তিনি। 

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশের উপর অর্থনৈতিক অভিঘাত নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। 

শুল্কছাড়ের পেছনে পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথাও বলেন উপদেষ্টা।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে বৈদ্যুতিক বাস, গাড়ি ও ট্রাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৯৩ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অন্যদের ক্ষেত্রে কেবল বাস আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি।