Published : 03 Jun 2026, 01:48 AM
বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নিয়োগ নিয়ে মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে একটি সংগঠনের আন্দোলনের জেরে আশপাশের কয়েকটি ব্যাংকের কার্যক্রম ব্যাহত হতে দেখা গেছে।
ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবারেও একদল আন্দোলনকারী ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আগের দিন সোমবার আন্দোলনকারীদের দমাতে পুলিশের সাউন্ড গ্রেনেড ফাটানো ও লাঠিপেটার ঘটনায় মঙ্গলবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা ছিল সতর্ক অবস্থানে।
এসব শাখার প্রধান দরজা বন্ধ রাখা হয়। শাখাগুলোতে আসা গ্রাহকরা ভেতরে গেছেন বিকল্প পথে। বিকল্প পথ না থাকা শাখাগুলো দরজা সামান্য ফাঁকা রেখে ব্যাংকিং সেবা দিয়েছে।
ঈদের ছুটির পর সব প্রতিষ্ঠান পুরোদমে কার্যক্রম শুরু না করায় গত দুদিনে পুরো মতিঝিল এলাকায় লোকজন ছিল কম। ঈদের পরের সপ্তাহে সাধারণত লেনদেনও কম হয় ব্যাংকে। জরুরি প্রয়োজন ও বড় ব্যবসায়ীরা এ সময়ে লেনদেন করতে আসা গ্রাহক থাকে কম।
এর সঙ্গে আন্দোলনকারীদের দমাতে পুলিশের বলপ্রয়োগের ঘটনার কারণে সেবা নিতে আসা গ্রাহকের সংখ্যা কমার তথ্য দিয়েছেন ব্যাংকাররা। অনেকেই দিলকুশা শাখার বদলে নিকটস্থ শাখায় গ্রাহকদের পাঠাচ্ছেন।

ঈদের ছুটির আগে সবশেষ কর্মদিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশে নতুন চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ছুটি শেষে প্রথম কর্মদিবসে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনের সড়কে আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ শুরু করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার কর্মসূচি পালনের সময় অপ্রীতিকর কিছু না ঘটলেও সতর্ক থাকার কথা বলেছেন আশপাশে ব্যাংকের শাখাগুলোর কর্মকর্তারা।
সবচেয়ে কাছে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিলকুশার শাখা ব্যবস্থাপক তাহরুল হক বলেন, ব্যাংকের নিরাপত্তার জন্যই প্রধান ফটক পুরো বন্ধ করে রাখতে হয়। গ্রাহক আসলে যাচাই করে খোলা হয়।
দরজা সামান্য ফাঁকা রেখে কার্যক্রম করা এনসিসি ব্যাংকের দিলকুশা শাখার এক কর্মকর্তা বলেন, “গেট একটু খোলা রাখি, যাতে একজন প্রবেশ করতে পারে। গণ্ডগোল শুরু হলে দ্রুত সেই ফাঁকা অংশ বন্ধ করে দেওয়ার নির্দেশনা রয়েছে।”
বাড়তি সতর্কতা হিসেবে ব্যাংক শাখার সামনের ফটক পুরোটা বন্ধ রেখে ভবনের
ফটক দিয়ে দ্বিতীয় তলা ঘুরিয়ে গ্রাহকদের শাখায় আনছে ওয়ান ব্যাংকের দিলকুশা শাখা। এছাড়া নিরাপত্তার জন্য গ্রাহকদের নিকটস্থ শাখায় পাঠিয়ে দিচ্ছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুস সালাম।