Published : 11 Aug 2026, 05:37 PM
‘অকার্যকর’ ঘোষণা করা চার ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) মধ্যে তিনটির পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পর্ষদ বাতিল হওয়া তিন কোম্পানি হল—আভিভা ফাইন্যান্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
এই তিন আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরারই এখন পরিচালনা পর্ষদের যাবতীয় দায়িত্ব পালন করবেন।
এছাড়া ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
ফারইস্ট ফাইন্যান্সের কোম্পানি সচিব একরামুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এখন পর্যন্ত তাদের প্রতিষ্ঠানে কোনো প্রশাসক দেওয়া হয়নি।
এই চার কোম্পানির মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি তিনটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত।
গত ৯ অগাস্ট এসব কোম্পানিকে ‘অকার্যকর’ ঘোষণা করার পরদিন অনির্দিষ্টকালের জন্য সেগুলোর শেয়ার লেনদেন স্থগিত করে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।
এর আগে চলতি বছরের জুলাইয়ে ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় পাঁচটি দুর্বল এনবিএফআই অবসায়নের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ওই তালিকায় আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিচালক পর্ষদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠির বরাতে এ কোম্পানি বলেছে, “আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বজায় রাখা, সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সর্বোপরি আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর অধীন একটি অকার্যকর ফাইন্যান্স কোম্পানি হিসেবে ঘোষণা করা হয়েছে।”
চিঠিতে বলা হয়েছে, “উক্ত রেজল্যুশন কার্যক্রমের ধারাবাহিকতায় ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড-এর পরিচালক পর্ষদ বিলুপ্ত করা হলো এবং ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হল।”
এ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক ফরিদ উদ্দিন আহমদ ও জহিরুল ইসলাম ভূঁঞা।
তারা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু শামা মো. আতাউর রহমান।
তার সঙ্গে সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব থাকছেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদীন বশির ও রোখসানা আক্তার।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আভিভা ফাইন্যান্সে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আলাউদ্দিন হোসেন।
অতিরিক্ত পরিচালক একেএম গোলাম বহলুল ও মাহবুবুর রহমান সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।