Published : 15 Apr 2026, 06:19 PM
বিমান বহরে অপর্যাপ্ত উড়োজাহাজ নিয়েও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে ৮০ শতাংশ অন-টাইম পারফরমেন্স বা ওটিপি অর্জনের দাবি করছে সরকার।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওটিপি ধরে রাখার চেষ্টা করছে। একই সঙ্গে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা, পুরোনো উড়োজাহাজ পর্যায়ক্রমে বাদ দেওয়া এবং লিজের উদ্যোগও চলছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে এ বিষয়ে একাধিক প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ফ্লাইট পরিচালনার পাশাপাশি দেশি-বিদেশি এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাও দিয়ে থাকে।
তিনি বলেন, সার্বিকভাবে বিমান একটি ‘লাভজনক প্রতিষ্ঠান’। তবে অপারেশনাল কার্যক্রম বাড়ানো এবং উন্নততর ব্যবস্থাপনার মাধ্যমে এ কোম্পানিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ রয়েছে।
মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের স্বল্পতা রয়েছে। বিমানকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এ সমস্যা নিরসন প্রয়োজন। বিমানের ‘নেটওয়ার্ক ও ফ্লিট প্ল্যান’ অনুযায়ী বহরে নতুন উড়োজাহাজ সংযোজন এবং পুরোনো উড়োজাহাজ পর্যায়ক্রমে বাদ দেওয়ার পদক্ষেপ চলমান রয়েছে।
নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার আগে লিজভিত্তিক উড়োজাহাজ সংগ্রহের কাজও চলছে বলে সংসদকে জানান মন্ত্রী।
তিনি বলেন, “বিমানের ফ্লাইট পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান উন্নয়নে কর্মীদের আচরণগত পরিবর্তন এবং নিবিড় তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া অনলাইন টিকেটিং ব্যবস্থা চালুর ফলে টিকেট সংগ্রহে যাত্রীদের হয়রানি ‘অনেকাংশে কমেছে’ বলে মন্ত্রী দাবি করেন।
তিনি বলেন, “অপর্যাপ্ত সংখ্যক উড়োজাহাজ থাকা সত্ত্বেও বিমান অন টাইম পারফরমেন্স (ওটিপি) অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটে ৮০% ওটিপি অর্জিত হয়েছে।”
কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি
সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক নিয়মনীতি ও উপযুক্ততা যাচাই করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা- আইসিএওর সনদপত্র নেওয়া হয়েছে।
কক্সবাজারে বড় আকারের উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়ন নিশ্চিত করতে রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। সব অপারেশনাল সুবিধা নিয়ে পরীক্ষা ও কমিশনিং শেষে বিমানবন্দরটি পুরোদমে চালুর কার্যক্রম চলমান রয়েছে।
পৃথক প্রশ্নের জবাবে বিমান পরিবহনমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে পুরোপুরি চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।
বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ে ফ্লাইটের প্রস্তাব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, বর্তমানে বগুড়া, লালমনিরহাট ও ঠাকুরগাঁও ‘স্টলপোর্ট’ (ছোট রানওয়ের বিমানবন্দর) থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।
“সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রস্তাব অনুসারে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে উন্নয়নের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। নোয়াখালী জেলায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে স্বনামধন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন হবে।”
বেবিচক গঠিত কমিটির সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
ড্যাশ-৮ ও বোয়িং কেনায় ‘অনিয়মের তথ্য নেই’
সরকারদলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে সরকারে-সরকারে চুক্তির আওতায় ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে তিনটি ড্যাশ-৮ ৪০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে দুটি বোয়িং ৭৮৭-৯ যাত্রীবাহী উড়োজাহাজ ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিমানের বহরে যুক্ত করা হয়।
এসব উড়োজাহাজ কেনার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি সম্পর্কিত বিমানের কাছে কোনো তথ্য নেই বলেও সংসদকে জানান আফরোজা খানম।