Published : 17 May 2026, 04:05 PM
বাংলাদেশ থেকে এবছর আরও ছয় হাজার ড্রাইভার নিতে আগ্রহী দুবাই ট্যাক্সি কোম্পানি।
সেজন্য সোমবার থেকে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দুবাই ট্যাক্সির একটি প্রতিনিধি দল রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। সে সময় তারা নতুন করে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে মন্ত্রী দুবাই থেকে আসা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন মন্ত্রী।
দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে চালকদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে দুবাই ট্যাক্সিকে অনুরোধ করেন তিনি।
সেইসঙ্গে তিনি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সের মত পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সির প্রতিনিধিরা বলেন, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমাজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন। এদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীই বাংলাদেশি।

তারা বলেন, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা জানান।
প্রতিনিধি দলটি জানিয়েছে, সোমবার থেকে ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এই দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ ড্রাইভারসহ এবছর মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে তারা আগ্রহী।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এই কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এই অর্থ সংস্থান করেন।”
তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এই অভিবাসন খরচ কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।
সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
তারা বলেন, ড্রাইভার ছাড়াও বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক হিসেবে কর্মী নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। সেজন্য তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সির ঊর্ধ্বতন প্রতিনিধি দলসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।