Published : 27 Apr 2026, 09:54 PM
পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন’ বিল নিয়ে আলোচনার মধ্যেই দুর্দশাগ্রস্ত বেসরকারি খাতের পাঁচ ব্যাংক একীভূত করে গঠন করা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে বেরিয়ে শেয়ারের মালিকানা ফেরত পাওয়ার আবেদন করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সাব্কে পাঁচ পরিচালক।
বেসরকারি শরিয়াহভিত্তিক ব্যাংকটিকে আবার আলাদা করে চালু করতে সোমবার বাংলাদেশ ব্যাংকে এ আবেদন করেন তারা।
তাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক। তিনি ২০১৩ থেকে ২০১৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। একীভূত হওয়ার আগে ব্যাংকটির সবশেষ পর্ষদেও ছিলেন তিনি। ২০২৫ সালের ১২ অক্টোবর পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘ব্যাংক ঠিক করতে যে পরিমাণ মূলধন লাগবে, তা আমরা ব্যবস্থা করতে পারব। আমাদের সেই পরিকল্পনা জানিয়েছি। বাংলাদেশ ব্যাংক কথা বললে বিস্তারিত আরও জানাতে পারব।’’
রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ব্যাংক থেকে মালিকানা ফিরে পাওয়ার আবেদনে সই করেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে পরিচালকের দায়িত্ব পালন করা আরেক পরিচালক জাবেদুল আলম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাংক রেজল্যুশন বিল পাস হওয়ার পর এটির ১৮(ক) ধারা অনুযায়ী তারা আবেদন করেছেন।
‘‘সাবেক পরিচালক পর্ষদের পক্ষ থেকে রেজাউল হক আবেদন করেছেন। আমরা সবাই তাতে সম্মতি দিয়েছি।’’

আবেদনে আরও সই করেছেন সাবেক পরিচালক হাকিম মো. ইউসুফ হারুন ভূইয়া, সুলতান মাহমুদ চৌধুরী ও আফিয়া বেগম।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এমন আবেদন জমা পড়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘আবেদন সংশ্লিষ্ট বিভাগে গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিবেচনা করা হবে। সেখানে কী করণীয় হবে তা পর্যালোচনা শেষে জানানো হবে। এখনই বলার মত কিছু হয়নি।’’
অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্বল পাঁচ ব্যাংককে বাঁচাতে গত ২১ ডিসেম্বর গঠন করা হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংকগুলোর আগের শেয়ারধারীদের শেয়ার শূন্য ঘোষণা করে সরকার নতুন করে ২০ হাজার কোটি টাকার মূলধন যোগান দিয়ে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংক গঠন করে।
নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকারে আসার পর অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ আইনে পরিণত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অধ্যাদেশকেও বিল হিসেবে সংসদে উপস্থাপন করে। তবে অধ্যাদেশে কিছু পরিবর্তন এনে ১৮ (ক) ধারা যুক্ত করে ১১ এপ্রিল এ বিল পাস করা হয়।
এ ধারা যুক্ত করায় এতে শর্ত সাপেক্ষে পুরনো শেয়ারধারীদের ফেরার সুযোগ তৈরি হয়, যা নিয়ে বিতর্কও শুরু হয়।
এ নিয়ে নানামুখী আলোচনা ও সমালোচনার সপ্তাহ তিনেকের মধ্যে সাবেক একজন চেয়ারম্যানসহ পাঁচ পরিচালক ব্যাংকটির শেয়ার ফিরে পেতে এবং তা আগের মত একক ব্যাংক হিসেবে চালাতে এ আবেদন করলেন।
অর্থপাচার, খেলাপি ঋণে জেরবার হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএলকে একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’ নামে নতুন রাষ্ট্রায়ত্ত এ ব্যাংক গঠন করা হয়।
একীভূত করার আগে ২০২৫ সালের ৫ নভেম্বর এ পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সেদিনই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংগুলোকে ‘অকার্যকর’ ঘোষণা করে চিঠি দেয়। এরপর পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ করে দেয় বিএসইসি।
আনুষ্ঠানিকভাবে গত ২১ ডিসেম্বর একীভূত কার্যক্রম শুরু হওয়ার পর এখনও প্রশাসক দিয়ে ব্যাংকটি চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

‘শেয়ার ফিরে পেতে’ যা বলেছেন পরিচালকরা
বাংলাদেশ ব্যাংকে দেওয়া আবেদনে, এসআইবিএলকে আবার আলাদাভাবে পরিচালনা করতে আইন মেনে নতুন তহবিল যোগান দেওয়ার কৌশলগত একটি পরিকল্পনা দিয়েছেন রেজাউল হক।
এতে বলা হয়, “তারল্য পরিস্থিতি উন্নত করতে নতুন মূলধন দেওয়া হবে। পরিচালনগত দিক আরো শক্তিশালী করে শৃঙ্খলা ফেরানো হবে। ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ কমিয়ে এনে খেলাপি ঋণ আদায় করা হবে।’’
মূলধন বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে এ প্রস্তাবে বলা হয়, ‘‘সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে পৃথক করে এসআইবিএলকে স্বাধীন করে পর্ষদে যুক্ত করলে ব্যাংকটিকে এগিয়ে নেওয়া হবে।’’
তবে আগামী ১০ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ‘ব্যাংক রেট’ এর সুদহারে ১১ হাজার কোটি টাকার তারল্য সহায়তাও চেয়েছেন তারা।
আবেদনে সাবেক চেয়ারম্যান রেজাউল বলেছেন, তার সময়কার (২০১৩-২০১৭) পর্ষদ সদস্যদের ফিরিয়ে আনলে নিয়ন্ত্রক সংস্থার সব নীতি মেনে স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় ব্যাংক পরিচালনা করা হবে বলে পরিকল্পনায় তুলে ধরা হয়।
এতে বলা হয়, সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও অধিদপ্তরের থাকা ২২টি ব্যাংক হিসাব পুনরায় সচল করে ৫০০ কোটি টাকার মত তহবিল ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।
আবেদনে তারা দাবি করেছেন, তারা দায়িত্ব পেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে কমিয়ে আনবেন।
৫ ব্যাংক একীভূত করে একটি করতে সরকারের সায়
৫ ব্যাংক: আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও