১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের আম নেবে চীন, মিলেছে অনুমতি

বাংলাদেশ থেকে তাজা আম আমদানির ক্ষেত্রে রোগবালাই ও কীটনাশকমুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশের আম নেবে চীন, মিলেছে অনুমতি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

বাংলাদেশ থেকে তাজা আম আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টম কর্তৃপক্ষ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে চীনা দূতাবাস বলেছে, শনিবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ ঘোষণা দিয়েছে।

ওই ঘোষণায় বাংলাদেশ থেকে তাজা আম আমদানির ক্ষেত্রে রোগবালাই ও কীটনাশকমুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

চলতি মওসুমে ৩৮টি দেশে ৩ হাজার ১০০ টন আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার; এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে চীনের বাজার।

কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের ৩ অগাস্ট পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১ হাজার টন বেশি।

চীনা দূতাবাস বলছে, বাংলাদেশ থেকে চীনের আম আমদানির বিষয়ে ‘ফাইটোস্যানিটারি’ শর্তাবলি নিয়ে ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশ একটি প্রটোকল সই করেছে।

এই ঘোষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের ফলাফল বাস্তবায়নের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসাবে বর্ণনা করে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মাধ্যমে চীনের বিশাল বাজারে বাংলাদেশের উচ্চ মানসম্পন্ন আমের প্রবেশাধিকার দেবে এবং বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে সহায়ক হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা যে পরস্পরের জন্য উপকারী ফল বয়ে আনছে, তা ওই ঘোষণার মাধ্যমে ‘স্পষ্টভাবে ফুটে উঠছে’।