Published : 07 Dec 2025, 10:12 PM
বাংলাদেশে পরিচালিত বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি-এফআইসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী।
তিনি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগেও তিন মেয়াদে (২০১৩-১৫, ২০১৫-১৭ ও ২০১৯-২১) তিনি এ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
রূপালী চৌধুরী বর্তমান সভাপতি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন।
রোববার রাজধানীর একটি হোটেলে ফিকির ৬২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) রূপালী হকের নেতৃত্বে আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে সংগঠনটি।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউক্রেমা এবং সহসভাপতি হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী।
আবার সভাপতির দায়িত্ব নেওয়া প্রসঙ্গে রূপালী চৌধুরী বলেন, “ফিকির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক। চেম্বারের সদস্য কোম্পানির প্রতিনিধিদের প্রতি আমার উপর তাদের বিশ্বাস ও আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখার লক্ষ্যে ফিকিকে আরও শক্তিশালী ভূমিকা পালনে বদ্ধপরিকর।“
বর্তমান মেয়াদে দায়িত্ব পালনের জন্য জাভেদ আখতারকে ধন্যবাদ দিয়ে তিনি নতুন পরিচালনা পর্ষদ, সদস্য কোম্পানি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় নীতি সংস্কার এবং ভবিষ্যত প্রস্তুতির জন্য কাজ করার কথা তুলে ধরেন।
বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হলে নতুন নেতৃত্ব ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।