সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি বাছাইয়ের সাক্ষাৎকার শুরু
প্রথম দিন সাক্ষাৎকার দিতে আসা ছয়জনের মধ্যে বিভিন্ন ব্যাংকে এমডির দায়িত্ব পালন করা চারজন ছিলেন।
একীভূত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বেছে নেওয়ার সাক্ষাৎকারের প্রথম দিন এসেছিলেন ছয়জন ব্যাংকার।
বুধবার বাংলাদেশ ব্যাংকে যারা সাক্ষাৎকার দিতে এসেছিলেন তাদের মধ্যে বিভিন্ন ব্যাংকে এমডির দায়িত্ব পালন করা চারজন ছিলেন।
গভর্নর মোস্তাকুর রহমান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ এমডি নিয়োগ কমিটির সদস্যরা তাদের সাক্ষাৎকার নেন।
প্রথম দিনের সাক্ষাৎকারে এসেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, যিনি ২০২৪ সালে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পর ব্যাংকটির এমডির দায়িত্ব পান।
অন্যদের মধ্যে ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সাবেক এমডি জাফর আলম, সাউথইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মো. ছাদেক ও সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম।
বাকি দুজন হলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ১২ জন ব্যাংকারকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। বৃহস্পতিবার বাকিদের সাক্ষাৎকার নেওয়ার সূচি রয়েছে।
এমডি নিয়োগের কমিটিতে আরও আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস।
