১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ২৭ টাকা

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ২৭ টাকা
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 05:50 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সুযোগে জুন মাসের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কেজিতে ২ টাকা ৩০ পয়সা করে কমেছে।

তাতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমছে ২৭ টাকা ৬০ পয়সা।

সোমবার জুন মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।

নিয়ন্ত্রক সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতিটন ৫৮০ দশমিক ৫০ ডলার, যা মে মাসের জন্য ছিল ৫৯৭ ডলার।

সেই হিসাবে প্রতিকেজি এলপিজির দাম দাঁড়াচ্ছে ১১৬ টাকা ৯৪ পয়সা, যা মে মাসে ছিল ১১৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ প্রতিকেজিতে দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা।

নতুন দর অনুযায়ী জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডার ১৪০৩ টাকা, ১৫ কেজি সিলিন্ডার ১৭৫৪ টাকা, ২০ কেজি সিলিন্ডার ২৩৩৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডার ২৯২৪ টাকা, ৩০ কেজি সিলিন্ডার ৩৫০৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে; মে মাসে এই দাম ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের দাম জুন মাসে ধরা হয়েছে ১১৩ টাকা ১৯ পয়সা।