‘উঠান বৈঠকে’ বিকাশে লেনদেন নিয়ে প্রশ্নের উত্তর দিলেন মিম
ফেব্রুয়ারির শুরুতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করেছে এমএফএস কোম্পানিটি।
ভার্চুয়াল মাধ্যমে ‘উঠান বৈঠকে’ অংশ নিয়ে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের মাধ্যমে লেনদেনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।
কুমিল্লার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নবাসীর সঙ্গে সম্প্রতি তার ওই বৈঠকের কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বিকাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ জনপদের মানুষকে বিকাশের মাধ্যমে ঘরে বসেই সহজে ও নিরাপদে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেওয়াসহ এমএফএসের বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দিতে সম্প্রতি বিকাশ আয়োজিত ওই অনলাইন বৈঠকে যুক্ত হয়েছিলেন তিনি।
এতে বলা হয়, কুমিল্লার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে চালু হওয়া দুই মাসের ‘বিকাশ ডিজিটাল ইউনিয়ন’ অ্যাক্টিভেশন প্রোগ্রামের অংশ হিসেবে এ অনলাইন উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিকাশ বলছে, ফেব্রুয়ারির শুরুতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করে বিকাশ। এ কার্যক্রমের আওতায় বাড়িতে বাড়িতে গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউলগান, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে সবচেয়ে সহজে, নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় তারকা মিম ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন করা হয় ব্যতিক্রমী ও উৎসবমুখর এই অনলাইন উঠান বৈঠকের। বৈঠকের পর বিভিন্ন খেলাধুলায়ও অংশ নেন জগন্নাথপুরবাসী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বছরব্যাপী এ কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে বিকাশ।
