Published : 29 Jun 2026, 08:13 PM
‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ টানতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভিওন।
বহুজাতিক কোম্পানিটি বলেছে, ১০০ কোটির মধ্যে প্রধান বিনিয়োগকারী হিসেবে শুরুতেই ২৫ কোটি ডলার দেবে তারা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন প্রতিনিধিদলের সাক্ষাতের পর বিকালে বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিনিয়োগ ও সহায়তার প্রতিশ্রুতি তুলে ধরার হয়।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ের এই বৈঠকে ভিওনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান অগি ফাবেলা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে সম্প্রতি ভিওন সরকারের কাছে চিঠি লিখে রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বে আগ্রহ প্রকাশ করে।
মোবাইল অপারেটর টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়েও নিজেদের বিনিয়োগের আগ্রহ তুলে ধরেছে ভিওন।
নগদ ও টেলিটক কিনে নিতে বা বিনিয়োগে ভিওন আগ্রহী, এমন আলোচনার মধ্যেই সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন সংস্থাটির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতনরা।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
“প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন আনার জানান, যেন সমাজের সব শ্রেণিপেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।”
সাক্ষাতের পর বিকালে বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক সেবাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে ভিওন।
“বৈশ্বিক ফিনটেক খাতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের কোটি মানুষের কাছে সহজলভ্য ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ (মাইক্রোফাইন্যান্স) ও ক্ষুদ্র বীমা (মাইক্রো-ইনস্যুরেন্স) সেবা পৌঁছে দিতে চায় কোম্পানিটি।”
এ ছাড়া বৈঠকে নিজেদের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের রূপরেখা তুলে ধরে নাসডাক-তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন।
বাংলাদেশ সরকার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এটি বাস্তবায়নের প্রস্তাব দেয় কোম্পানিটি।
প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হিসেবে এ উদ্যোগ নেওয়ার কথা বলছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সহায়তার অঙ্গীকার করা হয়। এ ক্ষেত্রে ভিওন প্রধান বিনিয়োগকারী (অ্যাংকর ইনভেস্টর) হিসেবে শুরুতেই ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
“প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হবে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তি। নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগাবে ভিওন।”
ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা বলেন, “ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদার। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের মাধ্যমে ১০০ কোটি ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া কর্মসূচিতে প্রধান বিনিয়োগকারী হিসেবে কাজ করতে প্রস্তুত ভিওন।”
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
ফাবেলার নেতৃত্বে ভিওনের প্রতিনিধিদলে ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য মিশিয়েল সোয়েটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।