তেল, চিপস, চানাচুরে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা হবে ২%
বিএসটিআই বলেছে, এ হার নির্ধারণ করে বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়ন করা হয়েছে।
হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেলসহ কয়েকটি খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিডের (টিএফএ) মাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
এ মানদণ্ড অনুযায়ী, ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছাসেমাই, ডেকোরেটেড কেক, চিপস, চানাচুরসহ এসব খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা হবে ২ শতাংশ।
এই হার নির্ধারণ করে দিয়ে বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়ন করা হয়েছে বলে সোমবার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সোমবার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশে টিএফএমুক্ত ভোজ্যতেল ও পিএইচও উৎপাদন উৎসাহিতকরণ’ শিরোনামে এক অংশীজন সভায় এ সিদ্ধান্ত হয়।
বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভা আয়োজন করে।
বিএসটিআই বলছে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্য সরবরাহ ব্যবস্থা থেকে ট্রান্স ফ্যাট নির্মূলকে অকালমৃত্যু প্রতিরোধে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, মেঘনা গ্রুপসহ দেশের বিভিন্ন ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
