Published : 23 Jul 2026, 08:18 PM
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে কম সুদের ঋণ পাবেন আরও তিন খাতের রপ্তানিকারকরা।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সার্কুলারে জানিয়েছে, বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য রপ্তানিকারকরাও এই তহবিল থেকে ঋণ পাবেন।
এতদিন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য এবং চামড়া খাতের রপ্তানিকারকরা এই সুবিধা পেয়ে আসছিলেন।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ইডিএফের সর্বশেষ মাস্টার সার্কুলার জারি হয় ২০১৭ সালে। ইডিএফ নিয়ে পরে জারি করা বিভিন্ন নির্দেশনা একত্রিত করে নতুন এই মাস্টার সার্কুলার জারি করা হল।
এর মাধ্যমে রপ্তানিমুখী কারখানার কাঁচামাল ও অন্যান্য উপকরণ আমদানির জন্য বিদেশি মুদ্রাভিত্তিক পুনঃঅর্থায়ন সুবিধার পরিচালন নির্দেশিকা হালনাগাদ করল বাংলাদেশ ব্যাংক।
বিদ্যমান নিয়মে বিদেশি মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত (এডি) ব্যাংকগুলো ইডিএফ থেকে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) ৬ মাসের বেঞ্চমার্কের সঙ্গে শূন্য দশমিক ৫০ শতাংশ যোগ করে পুনঃঅর্থায়ন পায়।
আর ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ৬ মাসের বেঞ্চমার্কের সঙ্গে সর্বোচ্চ দেড় শতাংশ সুদ যোগ করে ঋণ দিতে পারে।
সাধারণভাবে ১৮০ দিনের মধ্যে এ তহবিলের অর্থ ফেরত দিতে হয়। তবে কোভিড মহামারীর পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পরিশোধের মেয়াদ ২৭০ দিন পর্যন্ত বাড়ানো যায়।
নির্ধারিত সময়ের মধ্যে কেউ রপ্তানি আয় দেশে না আনলে বা ব্যাংক ঋণের মাধ্যমে দায় পরিশোধ করলে সাধারণভাবে পরবর্তীতে তারা আর এ সুবিধা পাওয়ার যোগ্য হয় না।
নতুন সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিবিপিএমইএ) সদস্য রপ্তানিকারক কোম্পানি এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফইএ) সদস্য রপ্তানিকারক কোম্পানি সর্বোচ্চ ১ কোটি ডলার করে ঋণ নিতে পারবে।
আর বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্যরা পাবে ৫০ লাখ ডলার।
এখন তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সদস্যরা ২ কোটি, নিটওয়্যার খাতের সংগঠন বিকেএমইএর সদস্যরা দেড় কোটি এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সদস্য কোম্পানি দেড় লাখ ডালার ঋণ নিতে পারে।