প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা এখন নগদে
এখন থেকে এককভাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা বিতরণ করবে নগদ।
এখন থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা বিতরণ করবে মোবাইলে আর্থিক সেবাদান কোম্পানি নগদ।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাংলাদেশ ডাক বিভাগ ও নগদ লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তিও হয়েছে বলে নগদ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সহায়তায় ২০১০ সালে এই ট্রাস্ট গঠনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। শুরু থেকে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহায়তার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ভাতা দেওয়া হচ্ছে। নগদ ছাড়াও মোবাইলে আর্থিক সেবা দেওয়া অন্য কোম্পানিগুলোও এই দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু নতুন চুক্তির ফলে এখন থেকে এককভাবে শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা বিতরণের দায়িত্ব পালন করবে নগদ ।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার, ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মো. আবু তালেব এবং নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম চুক্তিতে সই করেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন।
