Published : 08 Sep 2026, 09:27 PM
খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) তিন দিনের প্রদর্শনী শুরু হচ্ছে বৃহস্পতিবার।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার সোবহানবাগে বাপার অফিসে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো’ তে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নেবে। বিভিন্ন খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি অধিবেশন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রমে এ খাতের শিল্প উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রদর্শনী ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন এবং লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি এবং টেকসই প্যাকেজিং উপকরণ ও নকশা প্রদর্শনীতে গুরুত্ব পাবে।
সংবাদ সম্মেলনে বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, “দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনী উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“প্রতিষ্ঠার পর থেকে বাপা দেশ ও বিদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। এই মেলার মাধ্যমে আমরা এ ক্ষেত্রে আমাদের সক্ষমতা জানান দিতে চাই। পাশাপাশি দেশের এ খাতের সম্ভাবনা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।”
বাপার সঙ্গে রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এ প্রদর্শনী আয়োজন করছে।
বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।