২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঢাকা-যশোর রুটে ফিরছে ইউএস-বাংলার উড়োজাহাজ

সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে উড়োজাহাজ কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 08:36 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

সাময়িক স্থগিতের দেড় মাস পর ঢাকা-যশোর-ঢাকা রুটে আবারও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে এ রুটে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে উড়োজাহাজ কোম্পানিটি।

মঙ্গলবার ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-যশোর রুটে শনিবার, বুধবার ও বৃহস্পতিবার দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে অবতরণ করবে।

একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে বিকাল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। 

আবার সন্ধ্যা ৬টায় যশোর থেকে উড়াল দিয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং আর রাউন্ড ট্রিপের ক্ষেত্রে ১১ হাজার ৪৯৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।

এ রুটে ফ্লাইটের বুকিং, সময়সূচি, ভাড়া ও অন্যান্য তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। সবশেষ চলতি বছরের জুলাইয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেয় কোম্পানিটি। 

বর্তমানে যশোর রুটে শুধু রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। দেশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। 

পদ্মা সেতু হওয়ার পর সড়কপথে যোগাযোগ ব্যবস্থায় গতি ফিরলে বরিশাল ও যশোর রুটে ফ্লাইটের সংখ্যা কমানোর পাশাপাশি ফ্লাইট পরিচালনা বন্ধও করে দেয় এয়ারলাইন্সগুলো।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।