Published : 07 Jul 2026, 06:54 PM
দেশের কৃষি-প্রক্রিয়াজাতকরণ, আবাসন এবং বস্ত্র ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ১ হাজার ৫০৪ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে শেলটেক গ্রুপ।
এর মধ্যে কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাকি অর্থ অন্যান্য খাতগুলোতে কয়েক বছরের মধ্যে বিনিয়োগের পরিকল্পনা থাকার কথা জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিনিয়োগ বাস্তবায়ন হলে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যার বড় অংশই চুক্তিভিত্তিক কৃষিকাজের মাধ্যমে গড়ে উঠবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেলটেক গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান হিসেবে চালু রয়েছে।
“পাশাপাশি নির্মাণ খাত, প্রিমিয়াম ওয়াল ও ফ্লোর টাইলস, বৈদ্যুতিক পোল, কৃষি, গার্মেন্টস ও টেক্সটাইল খাত, হসপিটালিটিসহ বিভিন্ন সেবাখাতেও ব্যবসা পরিচালনা করছে দেশের অন্যতম এ শিল্পগ্রুপ।”
প্রতিষ্ঠানটির ভাষ্য, গুণগত মান, সময়মতো প্রকল্প হস্তান্তর, করপোরেট সুশাসন এবং টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি দেশের 'অন্যতম নির্ভরযোগ্য শিল্পগোষ্ঠী' হিসেবে পরিচিতি লাভ করেছে।
"বিনিয়োগের একটি বড় অংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে। পাশাপাশি যৌথ উদ্যোগ, ব্যাংক ঋণ এবং বৈদেশিক অর্থায়নের মাধ্যমে বাকি প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে।"
শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, "আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনা সামনে রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করছে।"
তিনি বলেন, “এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্প উৎপাদন, রপ্তানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
বিনিয়োগ হবে যেখানে
শেলটেক বলেছে, কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে যৌথ উদ্যোগ ‘স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডে’ ইতোমধ্যে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিও চলছে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এই প্রকল্পের আওতায় প্রায় ৪০ হাজার কৃষককে চুক্তিভিত্তিক চাষাবাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে প্রকল্পটি থেকে বছরে প্রায় ২ হাজার ৪৪০ কোটি টাকার রপ্তানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
রিয়েল এস্টেট খাতে বনশ্রী এলাকায় শেল্টেক লিগ্যাসি প্লাজা নামে ১৭ তলা আধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণে ৫৭৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
এ ছাড়া জলসিঁড়ি আবাসন এলাকায় যৌথ উদ্যোগে ২৬৫ কোটি টাকা বিনিয়োগে ২১টি আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলেও তুলে ধরা হয়।
উৎপাদন ও বস্ত্র শিল্পে সক্ষমতা বৃদ্ধিতে সিলেটে দেশের একমাত্র অ্যাব্রেসিভ পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রাইন্ডটেক লিমিটেড কোম্পানিতে ৮৫ কোটি টাকার বিনিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, বস্ত্র খাতে ব্লেন্ডেড সুতার উৎপাদন সক্ষমতা বাড়াতে এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রায় ১৭৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। ২০২৭ সালের মধ্যে এই সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের অংশ হিসেবে কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেল্টেক গ্রুপ তাদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নিয়েছে।