২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম

আইডিআরএ কার্যালয়ে সোমবার থেকে নিয়মিত কাজ শুরু করবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 07:10 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখাপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

রোববার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আথির্ক প্রতিষ্ঠান বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএ-এর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আইডিআরএ এর সদস্য হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি চুক্তি অনুযায়ী হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিরাজুল ইসলাম বলেন, “আজকেই (রোববার) অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে যোগদান করেছি। বিমা খাতকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও এ খাতের প্রতি গণমানুষের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করব। অগ্রাধিকার দেব, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে। স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে পারলে পিছিয়ে পড়া এ খাতটি সম্ভাবনাময় হতে পারবে।’’

সোমবার থেকে নিয়মিত আইডিআরএ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত একই পদে থেকে অবসরে যান।

পরবর্তীতে ২০২৩ সালে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। তার পদক্ষেপের কারণেই ন্যাশনাল ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ ফেরত দিতে বাধ্য হয় বসুন্ধরা ও নাসা গ্রুপ।

পুরনো ঋণ পরিশোধ না করে নতুন ঋণের দাবি করে শিল্প গ্রুপ দুটি। তাতে রাজি না হওয়ায় মতবিরোধ সৃষ্টি হয় তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে।

সেই বিরোধে ২০২৪ সালের মে মাসে ন্যশনাল ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ার হোসেনের নেতৃত্বে সব স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করে চলে যান।