Published : 11 Jun 2026, 10:24 PM
নতুন অর্থবছরের জাতীয় বাজেটে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা কথা রয়েছে।
পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার মত প্রকল্পগুলো বাস্তায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, “পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী সাত বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। চার বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা সুবিধা ভোগ করবে।
“এছাড়া দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু ও ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, “দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্য নিয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে মেগাপ্রকল্প পদ্মা ব্যারাজ।
“এছাড়া মহাসড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে চার লেইনে উন্নীত করার পাশাপাশি সমন্বিত যোগাযোগ কাঠামোর মাধ্যমে একটি মাল্টিমোডাল হাব গড়ে তোলার কাজ চলছে। সড়ক নিরাপত্তা জোরদারে বর্তমানে ৯৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”