Published : 12 Jun 2026, 06:28 PM
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
এ বাজেটকে দেশের ইতিহাসে সর্বোচ্চ, সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব বাজেট বর্ণনা করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পরদিন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগ স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসনীয়।
“বিশেষ করে ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে শিল্প খাতের জন্য (বাজেট) ইতিবাচক প্রভাব ফেলবে।”
জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
বিসিআই সভাপতি বলেন, বাজেটে সরকারের উন্নয়ন লক্ষ্য হিসেবে ১০টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা এবং পাশাপাশি ক্রিয়েটিভ অর্থনীতি ও ব্লু-ইকোনমিকে গুরুত্ব দেওয়া দীর্ঘমেয়াদে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে।
“বন্ধ কলকারখানা চালুসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব এবং করের আওতা বাড়ানোর বিষয়ে বাজেট প্রস্তাবটি ইতিবাচক হিসাবে কাজ করবে। রপ্তানি বহুমুখীকরণের জন্য প্রস্তাবিত খাতসমূহের সঙ্গে হালাল পণ্য উৎপাদন ও রপ্তানিকে যুক্ত করা আবশ্যক। কারণ বিশ্বব্যাপী হালাল পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং বাংলাদেশর এ সুযোগ গ্রহণ করার সক্ষমতা রয়েছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিআই এর পরামর্শ তুলে ধরা হয়, “বিসিআই সামগ্রিকভাবে মনে করে একটি বিপুল জনসংখ্যার দেশে সকলকে নিয়ে এগিয়ে যেতে এবং সকল সেক্টরের পরিপূর্ণ বিকাশের জন্য এ ধরনের বড় বাজেট আবশ্যক। তবে বাংলাদেশের পূর্বাপর অভিজ্ঞতা থেকে দেখা যায়, এর বাস্তবায়ন সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ। এর জন্য বাস্তবায়নের প্রথম দিন থেকেই সুনির্দিষ্ট টাইমলাইন ও পরিকল্পনা নিয়ে এগোতে হবে এবং সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত রাখতে হবে।”