নড়াইলে লালন সাধকের ওপর হামলার নিন্দা উদীচীর
শনিবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সাংস্কৃতিক সমাবেশ করবে সংগঠনটি।
নড়াইলে লালন সাধক হারেজ ফকিরের ওপর হামলা ও সংগীত চর্চার উপকরণ ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শুক্রবার এক বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “বারবার এসব ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর আঘাত হানছে এবং সংস্কৃতি চর্চার দ্বার রুদ্ধ করে দিতে চাইছে।
“জাতিকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এটি কেনোভাবেই মেনে নেওয়া যায় না।”
অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সাংস্কৃতিক সমাবেশ করবে উদীচী।
