মশার লার্ভা: আমিন মোহাম্মদ গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা
অভিযানে মোট ৫৪২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়।
আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন মডেল টাউনের পুরাতন সাইটে ড্রাম, বালতি, রান্নার তৈজসপত্র ও টায়ারে এইডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন মঙ্গলবার জানান, ৭১ নম্বর ওয়ার্ডে আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের মালিকানাধীন ওই সাইটের ইনচার্জ বদরুদ্দোজা খানকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
গত ২৪ জুলাই ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এইডিসের লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় সাইট ইনচার্জ জামিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মঙ্গলবার আরও আটটি ভ্রাম্যমাণ আদালত এই সিটির আওতাধীন ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ভূতের গলি, উত্তর মুগদা, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, আগা সাদেক রোড, আব্দুল হাদী রোড, বাংলাদেশ মাঠ, পশ্চিম জুরাইন, শ্যামপুর, মীরহাজিরবাগ রোড, যাত্রাবাড়ী, পশ্চিম নন্দীপাড়া, বড় বটতলা, গ্রীন মডেল টাউন ও প্রিভেইল স্কুলের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, অভিযানে মোট ৫৪২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। নয়টি বাসাবাড়ি, সাইট অফিস ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় নয় মামলায় মোট ২ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
