আমরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে অনেক দূরে সরে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
“আগামী প্রজন্মকে কীভাবে গড়ে তুলব, সে বিষয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে,” বলেন তিনি।
শিক্ষার সঙ্গে জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।”
ভিডিওকলে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, “আমরা ধীরে ধীরে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই পরিস্থিতিতে আগামী প্রজন্মকে কীভাবে গড়ে তুলব, সে বিষয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে।”
অনুষ্ঠানে এইউএসটির উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম মতিনুর রহমান উপস্থিত ছিলেন।
