২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নিয়োগ-বদলি: প্রতারক সক্রিয়, সতর্ক করল মাউশি

“কেউ কোনো ধরনের সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন যে, এটা প্রতারণা।”

নিয়োগ-বদলি: প্রতারক সক্রিয়, সতর্ক করল মাউশি

শিক্ষা ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 08:22 PM

Updated : 10 Aug 2023, 08:22 PM

নিয়োগ, বদলি, পদোন্নতিতে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাউশির অধীন কোনো প্রতিষ্ঠানে যে কোনো কাজের বিনিময়ে কেউ বিশেষ সুবিধা বা টাকা চাইলে তাকে পুলিশে দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার এ গণবিজ্ঞপ্তি জারি হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন প্রতারক চক্র সরাসরি বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে পদোন্নতি, নিয়োগ ও শিক্ষক-কর্মচারীদের বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার প্রলোভনে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-মেইলে, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা দাবি করছেন।

কোনো কোনো ক্ষেত্রে প্রতারকদের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে ব্যক্তিগতভাবে ও মোবাইলে যোগাযোগের চেষ্টা হচ্ছে বলেও মাউশি জানতে পেরেছে।

এ ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর অনুরোধ জানিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “কেউ কোনো ধরনের সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন যে, এটা প্রতারণা। সঙ্গে সঙ্গে এ ধরনের প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।”