২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার উপ সেনাপ্রধানের সাক্ষাৎ

“বৈঠকে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।"

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার উপ সেনাপ্রধানের সাক্ষাৎ

ছবি: আইএসপিআর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 03:05 PM

Updated : 27 Sep 2026, 03:05 PM

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল ক্রিস স্মিথ।

রোববার ঢাকা সেনানিবাসে ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে’ এই বৈঠক হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। বৈঠকে বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।"

বৈঠকে উভয় পক্ষই আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

অস্ট্রেলিয়া সেনাবাহিনীর ডেপুটি চিফ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যকার পেশাগত বন্ধন আগামী দিনগুলোতে আরও ‘নিবিড়, গতিশীল ও সুদৃঢ়’ হবে বলে প্রতিরক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন।