১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন: ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, মনিটরিং সেল গঠন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে সংস্থার সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 01:58 PM

Updated : 05 Jan 2024, 01:59 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে অগ্নি নাশকতাসহ যেকোনো ধরনের দুর্ঘটনা বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার জানিয়েছে, দেশের সব ফায়ার স্টেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে 'স্ট্যান্ডবাই ডিউটিতে' রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঢাকাসহ দেশের যেকোনো প্রান্তে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও সমন্বয় করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের পাশাপাশি বিশেষ সেল হিসেবে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল কাজ করবে।”

জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংস্থার সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ফায়ার ফাইটারদের পাশাপাশি বাহিনীর প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত থাকবেন নির্বাচনকালীন সময়ে। এছাড়া প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সসহ যাবতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১৬৩ নম্বরে ফোন করতে সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এছাড়া প্রয়োজনে কেন্দ্রীয় মনিটরিং সেলের মোবাইল নম্বর ০১৭৩০৩৩৬৬৯৯-এ ফোন করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।