Published : 13 Aug 2023, 04:24 PM
প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া চার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ড।
নতুন সূচি অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে ২৭ সেপ্টেম্বর বাংলা প্রথম পত্র, ১ অক্টোবর বাংলা দ্বিতীয় পত্র, ৩ অক্টোবর ইংরেজি প্রথম পত্র এবং ৫ অক্টোবর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর, আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্যের পরীক্ষা ৩ অক্টোবর, বাংলা প্রথম পত্র পরীক্ষা ৫ অক্টোবর এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ অক্টোবর হবে।
এছাড়াও অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী যথাসময়ে হবে।
চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ আর বন্যার কারণে গত শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়।
দেশের ১১ বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ অগাস্ট শুরু হওয়ার কথা থাকলেও ওই চার বোর্ডের ক্ষেত্রে তা পিছিয়ে ২৭ অগাস্ট শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে’ এই তিন বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। বাকি আট বোর্ডের পরীক্ষা ১৭ অগাস্টই শুরু হবে।
১১টি শিক্ষা বোর্ডের মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে।