১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাড়ে তিন বছরে নদী তীরের ১২ হাজার স্থাপনা উচ্ছেদ

উদ্ধার করা জায়গার পরিমাণ প্রায় ৩৯০ একর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 09:18 PM

Updated : 07 Sep 2022, 09:18 PM

দেশের বিভিন্ন নদী বন্দর এলাকায় গত সাড়ে তিন বছরে ১২ হাজার ২৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদের তথ্য দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ সময়কালে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, আশুগঞ্জ, ভৈরব বাজার, নওয়াপাড়া, ঘোড়াশাল ও টঙ্গী নদীবন্দর এলাকায় এসব অভিযানে ৩৮৯ একর তীরভূমি উদ্ধার হয়েছে।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএ এর উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, আগামী শনিবার ১০ সেপ্টেম্বর টঙ্গী নদী বন্দর থেকে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিস উদ্বোধন করা হবে। এদিন বন্দর এলাকার ইকো পার্কটিরও উদ্বোধন করা হবে।

পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সাল পর্যন্ত (চলমান) ১২ হাজার ২৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখল ও দূষণরোধে সরকার কাজ করছে। বাংলার মানুষ এখন নদী নিয়ে ভাবছে, এটা আমাদের প্রথম সাফল্য।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের কথা বলেছেন। নির্বাচনী মেনিফেস্টোতে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কথা বলেছেন। তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নে সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করা হবে।”

প্রতিমন্ত্রী বলেন, নৌপথ আরও আধুনিকায়ন করে জীবনমুখী করা হবে। এ সক্ষমতা বিআইডব্লিউটিএ এর আছে।

সভায় জানানো হয়, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে এ বছরের অগাস্ট পর্যন্ত ৬ হাজার ২০২টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। ১০ কিলোমিটার ওয়াকওয়ে দৃশ্যমান হয়েছে। নির্মাণকাজ চলমান রয়েছে আরও ৪২ কিলোমিটার।

এছাড়া আমিন বাজার, পাগলাবাজার পূর্বপ্রান্ত, পাগলাবাজার পশ্চিমপ্রান্ত, মুন্সিখোলা, সিন্নিরটেক ও গাবতলীতে ছয়টি ভারি জেটির নির্মাণ কাজ শেষে হয়েছে।

পাশাপাশি আলীগঞ্জ আফছার উদ্দিন ঘাট, আলীগঞ্জ মাদ্রাসা ঘাট, সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন, মাছুয়া বাজার ঘাট, নারায়ণগঞ্জ লেবার ল্যান্ডিং পয়েন্ট, নারায়ণগঞ্জ সাইলো পয়েন্ট, শিমরাইল ২ ও ৩ নম্বর ঘাট এবং সারুলিয়া লেবার হ্যান্ডলিং পয়েন্টে আরও আটটি ভারি জেটির নির্মাণকাজ চলছে।

বৈঠকে জানানো হয়, টঙ্গীর পর গাবতলীর বড়বাজার ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় আরও দুটি ইকোপার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে।

এছাড়া চাঁদপুর নদী বন্দরের আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ, গুরুত্বপূর্ণ নদীর পানি আবর্জনা মুক্ত করার লক্ষ্যে ছয়টি রিভার ক্লিনিক ভেসেল সংগ্রহ, কক্সবাজার-মহেশখালী ফেরি সার্ভিস চালু, দুটি বড় ধরনের উদ্ধারকারি জাহাজ সংগ্রহ, ড্রেজার ট্রেইনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।