২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভুল সেটে এসএসসি পরীক্ষা: ঢাকার এক কেন্দ্র সচিবকে অব্যাহতি

পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওই খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

ভুল সেটে এসএসসি পরীক্ষা: ঢাকার এক কেন্দ্র সচিবকে অব্যাহতি

গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 07:35 PM

Updated : 25 Sep 2022, 07:35 PM

এসএসসিতে ভুল সেটে পদার্থবিজ্ঞান ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষা নেওয়ায় রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আক্তারুজ্জামানকে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

তবে পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওই খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

আদেশে বলা হয়, “মাদারটেক আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা নির্ধারিত ৪ নম্বর সেটের পরিবর্তে ২ নম্বর সেটের ওপর পরীক্ষা নেওয়া হয়; যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

“এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য উক্ত কেন্দ্রের সচিব মো. আক্তারুজ্জামানকে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।”

ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ভূঁইয়াকে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বোর্ডের সব কেন্দ্রে সেদিন ৪ নম্বর সেটের ওপর পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ এই কেন্দ্রে ২ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

“পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা তাদের খাতাগুলো আলাদা করে রেখেছি। তাদের খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে।”