শেখ হাসিনাকে অভিনন্দন চীনা প্রেসিডেন্টের
চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবে উভয় দেশ বলে আশা করেন তিনি।
টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
অভিনন্দন বার্তায় চীনা প্রেসিডেন্ট বলেছেন, “তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।”
বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে চীনা প্রেসিডেন্ট এ অভিনন্দন জানিয়েছেন।
শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধু। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশই সবসময় একে অপরকে সম্মান করে। একে অপরের সঙ্গে সমান আচরণ করে এবং পারস্পরিক সুবিধা অর্জনে উভয়পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।
তিনি বলেন, “আমরা একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি, যা আমাদের দুই দেশের জনগণের জন্য স্পষ্ট সুবিধা নিয়ে আসে।”
এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তাদের গত অগাস্টের বৈঠকের কথা উল্লেখ করেন। যেখানে তারা উভয়েই চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেন।
চীনা প্রেসিডেন্ট বলেন, “এটা প্রত্যাশিত যে, আমরা উভয় দেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নীত করতে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করতে, উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নীত করার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালাব। তাহলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
বাংলাদেশের সমৃদ্ধি ও জনগণের স্বচ্ছলতা পাশাপাশি শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন ও সাফল্য কামনা করেন।
