২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ভাসমান বাজার, বর্জ্যের বিনিময়ে মিলবে পণ্য

একটি লঞ্চকে সাজিয়ে এ সাময়িক বাজার তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 05:58 PM

Updated : 19 Sep 2026, 05:57 PM

মানুষকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকায় চালু হল ভাসমান বাজার।

এ বাজারে বর্জ্যের বিনিময়ে মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য।

শনিবার সকালে চকবাজার এলাকার সোয়ারীঘাট লঞ্চ ঘাটে এ ভাসমান বাজারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ বাজারটি চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুড়িগঙ্গার তীরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে ডিএসসিসির অস্থায়ী ভাসমান বাজারে জমা দেওয়ার বিনিময়ে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।

একটি লঞ্চকে সাজিয়ে এ সাময়িক বাজার তৈরি করা হয়েছে।

“ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে টানা তিন মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৭৫টি ওয়ার্ডেই প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালিত হবে।

“কর্তব্যে অবহেলা করলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।’’

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, “অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গার অস্তিত্ব আজ বিপন্ন। এ নদীকে বাঁচাতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।”

এক দিনে বুড়িগঙ্গার সব সমস্যার সমাধান হবে না মন্তব্য করে তিনি বলেন, “এ কর্মসূচির মাধ্যমে আমরা নদী তীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে এ সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।”

বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে ডিএসসিসির প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বর্জ্য রিসাইক্লিং করে দ্রুত বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

“আশা করা যায়, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা এর প্রাথমিক ধাপে পৌঁছাতে পারব। বর্জ্য সম্পদে পরিণত হলে তা আর যেখানে-সেখানে পড়ে থাকবে না।”

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার।