২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতিঝিল মডেলের পর্ষদকে ঢাকা বোর্ডের নোটিস

এসএসসি পরীক্ষার প্রথম দিন স্কুলের পরিচালনা পর্ষদের একজন সদস্য কেন্দ্রে ঢুকে পড়েন বলে অভিযোগ ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 04:39 PM

Updated : 23 Sep 2022, 12:25 AM

নীতিমালা ভেঙে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ ও অধ্যক্ষকে লাঞ্ছনার অভিযোগে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদকে নোটিস পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

কলেজের পরিচালনা পর্ষদ কেন ভেঙে দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিসে।

বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভাপতিকে নোটিস পাঠিয়ে এ বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা জানাতে বলেছে বোর্ড।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন পর্ষদের একজন সদস্য কেন্দ্রে ঢুকে পড়েন এবং কয়েকজন সদস্য কেন্দ্রের বাইরে অধ্যক্ষের সঙ্গে বাজে ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে চারজন অভিভাবক সদস্যের বিরুদ্ধে এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন, অধ্যক্ষকে লাঞ্ছিত করা এবং ব্যবস্থা গ্রহণে পর্ষদের সভাপতির নির্লিপ্ততার অভিযোগ আনেন।

এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরীক্ষার পরে তাকে জানিয়েছিলেন পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরে তিনি বিভিন্নভাবে জানতে পারেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে পর্ষদের একজন সদস্যের সঙ্গে অধ্যক্ষের কথা কাটাকাটি হয়েছিল।

তবে অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয় বলে দাবি তার।

কারণ দর্শানোর নোটিস পাওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "কেন্দ্রের দায়িত্ব থাকে স্কুল কর্তৃপক্ষের বা আইনশৃঙ্খলা বাহিনীর। সেখানে কেউ প্রবেশ করলে বা কোনো ঘটনা ঘটলে সেটা তো তারা দেখবে, সে ক্ষেত্রে আমার কি করার আছে? আমার তো ব্যবস্থা গ্রহণ করার কোনো এখতিয়ার নেই।"