১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভুটানের রাজার অ্যালবামে বাংলাদেশের স্মৃতি

বাংলাদেশ সফরে ব্যস্ত সময় কাটছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের। তার অফিসিয়াল ফেইসবুক পেইজে ছবির গ্যালারির অনেকটা অংশজুড়ে এখন বাংলাদেশ। সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি যেমন আছে, তেমনি আছে পরিবারের সদস্যদের বিশেষ কিছু ছবি। কোনো ছবিতে ভুটানের শিশু রাজপুত্রের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আবার শত ব্যস্ততার ফঁকে ছেলের সঙ্গে রাজার খেলার ছবিও আছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2024, 09:04 AM

Updated : 29 Mar 2024, 03:38 PM

Image

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজা ওয়াংচুকের বড় ছেলে রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুককে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পেছনে ছোট রাজপুত্র গ্যাসলে উগিয়েন ওয়াংচুককে নিয়ে খেলায় ব্যস্ত প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা।

Image

বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার সঙ্গে আলাপচারিতায় রানি জেৎসুন পেমা।

Image

রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শিশু রাজকন্যা সোনম ইয়াংদেন ওয়াংচুক চলেছেন রাজা বাবার কোলে চড়ে।

Image

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কেক কাটছেন রাজা ওয়াংচুক। সঙ্গে রানি জেৎসুন পেমা এবং অতিথিরা।

Image

বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশভোজে এক টেবিলে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেৎসুন পেমা। তাদের এক পাশে আছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, প্রধামন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ। রাজা-রানির আরেক পাশে আছেন রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা।

Image

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাস্কেট বল খেলতে দারুণ ব্যস্ত ভুটানের দুই রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুক এবং গ্যাসলে উগিয়েন ওয়াংচুক।

Image

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাইডে চড়ে হাসছে ভুটানের রাজার কনিষ্ঠ পুত্র গ্যাসলে উগিয়েন ওয়াংচুক।

Image

বাংলাদেশে পড়তে আসা ভুটানের একদল শিক্ষার্থীর সঙ্গে রানি ও রাজপুত্রদের নিয়ে রাজা ওয়াংচুক।

Image

শিক্ষার্থীদের সঙ্গে চা-চক্রে গল্প করছেন রানি জেৎসুন পেমা। পেছনে দুষ্টুমিতে ব্যস্ত রাজপুত্ররা।

Image

ঢাকার সফরের প্রথম দিন রাজা ওয়াংচুক সস্ত্রীক গিয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনে। রাজকীয় অতিথিদের জাদুঘর ঘুরিয়ে দেখান শেখ রেহানা।

Image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রানি জেৎসুন পেমাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতির স্ত্রী রবেকা সুলতানা।

Image

ঢাকা সফরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটও ঘুরে দেখেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। উপস্থিত চিকিৎসকদের সঙ্গেও তিনি কথা বলেন।

Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

Image

বাংলাদেশের গৌরবের পদ্মা সেতুতে ভুটানের রাজা, নিচে প্রমত্তা পদ্মা।