সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
দুর্নীতির অভিযোগ থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে ‘বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে’ তা নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা এবং ‘বিদেশে অর্থ পাচার করে’ সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
