সড়ক বাতির খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
ঢাকার বাড্ডার এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
ঢাকার বাড্ডার বেরাইদের ১০০ ফুট সড়কের বিভাজকে সড়ক বাতির খুঁটি পুঁততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- জুয়েল ফকির (৩০) ও শহিদুল শিকদার (৩৫)। দুজনেরই বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার জৌতা গ্রামে। জুয়েল ফকিরের বাবার নাম আলাল উদ্দিন ফকির আর শহীদুল শিকদারের বাবার নাম আব্দুল মোতালেব শিকদার।
একই ঘটনায় দগ্ধ হয়েছেন রেজাউল (৩০), মো. শাকিল (৩২) ও ইলিয়াস (৩০) নামে তিনজন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বেরাইদের ১০০ ফুট এলাকায় কয়েকজন শ্রমিক ধাতব খুঁটি পুঁতছিলেন। এসময় খুঁটিটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ লাইনের সংস্পর্শে এলে ওই দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই নূর ইসলাম শিকদার বলেন, “ওই শ্রমিকেরা রাস্তার মাঝে ডিভাইডারে বিদ্যুতের স্টিলের খুঁটি (ল্যাম্প পোস্ট) বসাচ্ছিলেন। রাস্তার উপর দিয়ে এপার-ওপার ১১ হাজার ভোল্টের তার গেছে। ল্যাম্প পোস্ট দাঁড় করিয়ে বসানোর সময় উচ্চক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে এলে শ্রমিকেরা বিদ্যুৎস্পৃষ্ট হন।”
হতাহতদের সহকর্মীরা জানিয়েছেন, তারা এমএস কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন।
আহত ইলিয়াস হাসপাতালে সাংবাদিকদের বলেন, “আমরা খুঁটিটি গর্তে বসানো সময় সেখানে কীভাবে যে কী হলো, আধা ঘণ্টা কোনো হুঁশ ছিল না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের তিনজনই আশঙ্কামুক্ত।
