Published : 27 May 2026, 01:18 PM
ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান; এক সঙ্গে ৩৫ হাজার মানুষ এই জামাতে অংশ নিতে পারবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, ও কূটনীতিকসহ আরও অনেকের বৃহস্পতিবার জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এ জন্য ঈদগাহ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখেও নেওয়া হয়েছে ব্যবস্থা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা মেট্রোপলিটন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে নিয়ে বুধবার ঈদগাহের প্রস্তুতি দেখেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “পবিত্র ঈদুল আজহার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা। ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি (মো. সাহাবুদ্দিন) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন।
“এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলাসহ মোট ৩৫ হাজার মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওজু এবং নামাজ পড়ার ব্যবস্থা আলাদা রয়েছে। আমি ঢাকা নগরবাসীকে অনুরোধ করব জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান তাদের কমপক্ষে নিরাপত্তার স্বার্থে অনেক পূর্বেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “আমি আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি।”

জামাতের জন্য পুরো ঈদগাহজুড়ে প্যান্ডেল টানানো হয়েছে। এখন সিলিং ফ্যান, লাইট ও মাইক লাগানো এবং মাঠের ম্যাট এবং তার ওপর কার্পেট বিছানো হয়েছে।
বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে সমস্যা না হয়, সেজন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমরা আশা করি যে আল্লাহ আমাদের সহায় হবেন। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারব। কাজেই এখানে কোন অসুবিধা হবে না।

“একেবারে যদি দুর্বিপাক হয়ে যায় যে ঝড়-ঝঞ্জা এখানে পানিতে সয়লাব হয়ে গেছে। ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকাল বেলা সেটা ঘোষণা করব। এই মুহূর্তে আমরা সেটা বলতে চাচ্ছি না।”
জাতীয় ঈদগাহে প্রবেশ পথে সাজানো হয়েছে বর্ণাঢ্য তোরণ। তোরণের শিরোনামে লেখা আছে ‘ঈদ মোবারক’, তারপর একদিকে লেখা আছে “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, আমাদের কোরবানি, সুস্থ ও নিরাপদ জীবনের নেয়ামত ভরে উঠুক সকলের হৃদয়…মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।”
আরেক প্রান্তে লেখা ছিল, “ঈদ মোবারক: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সংহতি ও ভালোবাসার বার্তা…বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রশাসক, দক্ষিন সিটি করপোরেশন।”

ভিভিআইপিদের জন্য সুপ্রিম কোর্টে প্রবেশ পথ দিয়ে আলাদা গেইট করা হয়, সেখানেই তৈরি করা হয়েছে নানন্দিক প্রবেশ পথ।
ঈদগাহে মূল প্রবেশ পথ থাকছে চারটি। জামাত শেষে বের হওয়ার জন্য উত্তরের দিকে আরও তিনটি গেইট খোলা থাকবে।
এছাড়া নারীদের জন্য আলাদা প্রবেশপথ করা হয়েছে। তাদের নামাজ ও ওজু করার জন্যবো আলাদা ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহে।