Published : 02 Mar 2026, 08:40 PM
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। একই সঙ্গে চারজন সাংবাদিককে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এবং একজনকে সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি গ্রেড-১ পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া মোস্তফা জুলফিকার হাসান, মো. জাহিদুল ইসলাম, মো. সুজাউদ্দৌল্লা ও শাহাদাৎ হোসেন স্বাধীনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে দায়িত্ব পেয়েছেন।
হাসান শিপলু নামে পরিচিত মোস্তফা জুলফিকার হাসান বর্তমানে একাত্তর টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ। এর আগে তিনি আমাদের সময় পত্রিকায় প্রধান প্রতিবেদক এবং দৈনিক যুগান্তরে কাজ করেছেন।
মো. জাহিদুল ইসলাম রনি দৈনিক আমার দেশের সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং ইউএনবি বাংলা সার্ভিস, দৈনিক দিনকাল, ভোরের ডাক, রেডিও আমার ও সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
মো. সুজাউদ্দৌল্লা বাংলাভিশনের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত। এর আগে তিনি বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।
আর শাহাদাৎ হোসেন স্বাধীন দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন।
তাদেরও অন্য সব পেশাগত বা প্রাতিষ্ঠানিক কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। তারা চতুর্থ গ্রেডে বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন এবং যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া কে এম নাজমুল হককে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নবম গ্রেডে বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।