Published : 06 Sep 2026, 01:59 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর রেখেছে আদালত।
মামলার প্রতিবেদন জমার দিন ছিল রোববার। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান প্রতিবেদন দিতে পারেননি।
এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান নতুন দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাঝহারুল ইসলাম। এ নিয়ে প্রতিবেদন জমা দিতে ৪৩ বার সময় পেল তদন্ত সংস্থা।
২০২২ সালের ১৪ জুলাই ঢাকা থেকে ১৬ জনের একটি দল আটটি মোটরসাইকেলে করে দর্শনীয় মৈনট ঘাটে ঘুরতে যায়। রাতে ঘাটের তীরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয় সানি। পরদিন দুপুরে ঘটনাস্থলের পাশ থেকে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সানিকে নদীতে ফেলে হত্যার অভিযোগে ওই দিন রাতে মামলা করেন তার বড় ভাই হাসানুজ্জামান, যাতে আসামি করা হয় মৃতের ১৫ সফরসঙ্গীকে। পরে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা জামিনে আছেন।
আসামিরা হলেন—শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।
শুরু থেকেই মামলাটি তদন্ত করছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা। দীর্ঘ সময়েও তারা প্রতিবেদন দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সানির পরিবার।