১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারান্তরীণ সাবেক মেয়র আতিক ও স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

কারান্তরীণ সাবেক মেয়র আতিক ও স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 04:26 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

জুলাই আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান আছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “সাবেক মেয়র আতিকুল ইসলাম ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ঔষুধ ছিটানোর যন্ত্র কিনে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে- কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।”

“আতিক ও তার স্ত্রী-কন্যা বিদেশে পালিয়ে গিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জানা যায়।  বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

 অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আনা প্রয়োজন বলে দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান।

২০২৪ সালের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সে সব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।