মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি ফলকার টুর্কের
“বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি, কীভাবে আমরা একে অপরকে সহায়তা করতে পারি, ভবিষ্যতে একযোগে কাজ করতে পারি।”
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাওয়ার কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফলকার টুর্ক বলেন, “আজকের বৈঠকে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি, কীভাবে আমরা একে অপরকে সহায়তা করতে পারি, ভবিষ্যতে একযোগে কাজ করতে পারি।”
অন্তবর্তীকালীন সরকারের আমন্ত্রণে দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান টুর্ক।
সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক বৈঠকের মধ্যে বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে সকালে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রধানদের সঙ্গেও একটি বৈঠক হয় তার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বুধবার বৈঠক হবে জাতিসংঘের মানবাধিকার প্রধান টুর্কের।
